পঞ্চগড় প্রতিনিধি: উত্তরের সীমান্তঘেঁষা জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া যেন প্রকৃতির এক অনন্য মেলবন্ধন। দূরে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা, বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর স্বচ্ছ জলধারা আর ঐতিহাসিক নানা স্থাপনা মিলিয়ে পর্যটকদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে এ জনপদ।
তবে সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো ও পরিকল্পিত উদ্যোগের অভাবে পর্যটন খাত কাঙ্ক্ষিতভাবে বিকশিত হচ্ছে না। তাই তেঁতুলিয়াকে রাষ্ট্রীয়ভাবে ‘পর্যটননগরী’ ঘোষণার দাবি উঠেছে।
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এ দাবি জানানো হয়। তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটির কর্মসূচির শুরুতে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুলতলা এলাকা থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। স্থানীয় পর্যটন উদ্যোক্তা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। শোভাযাত্রাটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইএসডিওর ইকো মহানন্দা কটেজের হলরুমে গিয়ে শেষ হয়।
১২৩ বছর বয়সেও চশমা ছাড়া কোরআন পড়ছেন আব্বাস প্রাং
পরে সেখানে তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এসকে দোয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রনি মিয়াজীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, বাঁশের ছাউনি রিসোর্টের পরিচালক আবু সালেহ ইমরান, ভ্যানচালক সমিতির সভাপতি মনসুর আলীসহ স্থানীয় পর্যটন উদ্যোক্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক অবস্থান পর্যটনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, সমতলের চা-বাগান, মহানন্দা নদী এবং ঐতিহাসিক নিদর্শনগুলো এ অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করেছে।
তারা বলেন, বাংলাবান্ধা চতুর্দেশীয় স্থলবন্দর ও জিরো পয়েন্টকে ঘিরে তেঁতুলিয়ায় আন্তঃদেশীয় পর্যটনেরও সুযোগ রয়েছে। পরিকল্পিত অবকাঠামো, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকায়ন এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে এ সম্ভাবনাকে কাজে লাগানো গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
বক্তারা আরও বলেন, শুধু পর্যটনকেন্দ্র হিসেবে নয়, তেঁতুলিয়াকে একটি পরিকল্পিত পর্যটননগরী হিসেবে গড়ে তুলতে সরকারি উদ্যোগ প্রয়োজন। এ জন্য সরকারের নীতিনির্ধারণী পর্যায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে তেঁতুলিয়াকে রাষ্ট্রীয়ভাবে ‘পর্যটননগরী’ হিসেবে ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন আয়োজকরা।
—জা.অর্থনীতি/এনজে