দেশে বিদ্যুৎ ঘাটতি তৈরিতে আদানি সরবরাহ অর্ধেকে নামিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: জাতীয় অর্থনীতি

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে কৃত্রিম বিদ্যুৎ ঘাটতি সৃষ্টি করে জনমনে অসন্তোষ ও ক্ষোভ তৈরির উদ্দেশ্যে ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ অর্ধেকে নামিয়ে এনেছে আদানি গ্রুপ-এমন গুরুতর অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, "বাংলাদেশের কোনো প্রতিবেশী প্রভু হতে পারে না, সবাই আমাদের বন্ধু।"

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদানির বিদ্যুতের ওপর নির্ভরতা ও সরবরাহ হ্রাসের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারতীয় এই শিল্পগোষ্ঠী চুক্তি অনুযায়ী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করলেও সাম্প্রতিক সময়ে অসন্তোষ উসকে দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে পরিচালিত হবে বলে জোর দেন তিনি।

দেশের সার ব্যবস্থাপনা ও বর্তমান কৃত্রিম সংকট নিরসনে গৃহীত পদক্ষেপের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বিগত আমলে যাদের ডিলারশিপ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অনেকে ফ্যাসিবাদের সহযোগী হলেও গণতান্ত্রিক সরকার হওয়ার কারণে কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে বাদ দেওয়া হয়নি। সরকারের মধ্যে কোনো রাজনৈতিক বিদ্বেষ নেই। তবে সুযোগ পেয়ে কিছু সারের ডিলার চড়া দামে সার বিক্রি করে কৃত্রিম সংকট তৈরি করেছিল। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শিতায় সঠিক তথ্য উন্মোচন করে ওই অসাদুপায় কঠোরভাবে দমন করা হয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি এবং দিল্লিতে অবস্থানরত ফ্যাসিবাদের দোসরেরা যৌথভাবে বর্তমান সরকারকে চাপে ফেলতে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এক পক্ষ ডিসেম্বরে পতনের হুঙ্কার দিচ্ছে তো অন্য পক্ষ দিল্লি থেকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। এই দুই অপশক্তি একত্রিত হয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী আরও যোগ করেন, তিনি দেশের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্বদরবারেও সুপ্রতিষ্ঠিত। জাতিসংঘে তার দেওয়া দূরদর্শী বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তার নেতৃত্ব ইতিমধ্যেই সার্বজনীন স্বীকৃতি পেয়েছে।

উক্ত মতবিনিময় সভায় মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি