তানজানিয়া থেকে কঙ্গো যাওয়ার পথে জাহাজডুবি, নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক: তানজানিয়া থেকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) যাওয়ার পথে একটি জাহাজ ডুবে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। টাঙ্গানিকা হ্রদে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে।

টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোই জানান, জাহাজটি তানজানিয়ার কিগোমা শহর থেকে ডিআর কঙ্গোর টাঙ্গানিকা প্রদেশের কালেমি শহরের উদ্দেশে যাত্রা করেছিল। পথে এটি টাঙ্গানিকা হ্রদে ডুবে যায়।

তিনি জানান, দুর্ঘটনার সময় জাহাজটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। তাদের সঙ্গে পণ্যও ছিল। জাহাজটি কী কারণে ডুবে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মুলঙ্গোই বলেন, দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ৪৯ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। তবে জাহাজটিতে থাকা আরও অনেকের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, এর আগে ২২ সেপ্টেম্বর থাইল্যান্ডের পূর্ব উপকূলে ঝড়ের মধ্যে একটি মাছ ধরার নৌযান ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। খাওসোদ পত্রিকার বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়া জানিয়েছে, ওই দুর্ঘটনায় নৌযানটির সাতজন ক্রু নিখোঁজ হন।

চোনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলার জলসীমায় নৌযানটি ডুবে যায়। প্রবল ঢেউ ও ঝড়ের কারণে নৌযানটি ডুবে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনার পর নিখোঁজ সাত ক্রুর সন্ধানে তৎপরতা চালানো হয়।

জা.অর্থনীতি/এসআই