মিডিয়া নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে ৩ সংবাদমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার সাময়িকভাবে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে, তিন সংবাদমাধ্যমের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা সম্ভবত মার্কিন সংবিধানবিরোধী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের জেলা বিচারক টিম কেলি এ আদেশ দেন। গত ১৮ সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসনের ঘোষিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের করা মামলার শুনানিতে এ নির্দেশ দেওয়া হয়। বিচারক প্রশাসনকে অবিলম্বে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রেস পাস ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে তিনি ১৪ দিনের জন্য একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। এ ধরনের আদেশ সাধারণত মামলার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত বিদ্যমান পরিস্থিতি বজায় রাখার জন্য দেওয়া হয়।

এর আগে বিচারক কেলি বলেন, সাংবাদিকদের হোয়াইট হাউসের হার্ড পাস স্থগিত বা বাতিল করার আগে তাদের অভিযোগ বা নিয়মভঙ্গের বিষয়ে আগাম নোটিশ দেওয়া এবং নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া প্রয়োজন।

বিচার বিভাগের এক আইনজীবী আদালতকে জানান, মঙ্গলবার সংবাদমাধ্যমগুলোকে পাঠানো চিঠিতে প্রেস পাস বাতিলের যথেষ্ট কারণ ব্যাখ্যা করা হয়েছে। তবে বিচারক এ যুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, প্রেস পাস বাতিলের পর এবং মামলা দায়েরের পর চিঠিগুলো পাঠানো হয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছিলেন, তিন সংবাদমাধ্যমের ‘মিথ্যা’ ও ‘কাল্পনিক’ প্রতিবেদন প্রকাশের কারণে তাদের হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ থাকা উচিত নয়। অন্যদিকে বিচার বিভাগের আইনজীবীরা জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দেন।

তিন সংবাদমাধ্যমের দাবি, নিষেধাজ্ঞা মার্কিন সংবিধানের বাক্‌স্বাধীনতা ও মুক্ত সংবাদমাধ্যমের অধিকার এবং যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে।

এদিকে প্রেস স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ও কয়েকটি সংবাদমাধ্যমও মামলায় তিন প্রতিষ্ঠানের পক্ষে অবস্থান নিয়েছে।

জা.অর্থনীতি/এসআই