কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দায়ের করা নাশকতার মামলায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতনকে (৫৭) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা বাজারের খামার এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আহম্মদ আলী পোদ্দার রতন ওই এলাকার মৃত জালাল উদ্দিন পোদ্দারের ছেলে। তিনি আওয়ামী লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে। ওই ঘটনায় গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর আওতায় একটি মামলা রজু করা হয়। এতে আহম্মদ আলী পোদ্দার রতনকে অন্যতম এজাহারনামীয় আসামি করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, গত মাসের নাশকতা মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক আইনি আনুষ্ঠানিকতা শেষে আজ মঙ্গলবার বিকেলেই আসামিকে বিজ্ঞ কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি