২ বছর পর কবর থেকে তোলা হচ্ছে বাবা-ছেলের মরদেহ
ছবি সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি: ২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ প্রায় দুই বছর পর কবর থেকে উত্তোলন করা হচ্ছে। আদালতের নির্দেশে মরদেহ দুটি উত্তোলনের পর সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ।

পুলিশ জানায়, আদালতের নির্দেশ পাওয়ার পর মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য জেলা প্রশাসনের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মরদেহ দুটি উত্তোলন করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে এখনো মরদেহ উত্তোলনের নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ হয়নি।

নারায়ণগঞ্জে কুকুর আতঙ্ক: বাড়ছে আক্রান্ত ও মৃত্যু

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেলিম খান ও তার ছেলের মৃত্যুর ঘটনায় পরবর্তী সময়ে সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলার তদন্তের অংশ হিসেবেই আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। ওই দিন আওয়ামী লীগ সরকারের পতনের পর সেলিম খান ও তার ছেলে শান্ত খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুরের গ্রামের বাড়ি থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বাগড়া বাজার এলাকায় জনতার হাতে আটক হন। পরে সেখানে গণপিটুনিতে তারা নিহত হন। পরদিন স্বজনরা তাদের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করেন। তখন এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি।

সেলিম খান লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। পদ্মা ও মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও তার বিরুদ্ধে ছিল। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণ ঘিরেও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।

চলচ্চিত্র ও গণমাধ্যম ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন সেলিম খান। তার মালিকানাধীন শাপলা মিডিয়া চলচ্চিত্র প্রযোজনা ও নির্মাণের সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি ভয়েস টেলিভিশন নামে আইপি টেলিভিশন ও সংবাদপত্র পরিচালনার সঙ্গেও তিনি সম্পৃক্ত ছিলেন।

সেলিম খানের বড় ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন। শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’সহ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

সেলিম খানের মৃত্যুর পর তার বিপুল সম্পদ নিয়ে বিভিন্ন আলোচনা ও অভিযোগ সামনে আসে। এর মধ্যে কয়েকশ কোটি টাকার সম্পদ সরকার জব্দ করেছে বলে জানা গেছে। তবে তার আরও কিছু সম্পদ বিভিন্ন ব্যক্তির কাছে রয়েছে—এমন দাবিও স্থানীয়ভাবে রয়েছে। 

—জা.অর্থনীতি/এনজে