কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আটক ১
ছবি: জাতীয় অর্থনীতি

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের অংশ হিসেবে তুহিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কুমিল্লার কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মহিবুল আলম ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ‘ম্যাজিক প্যারাডাইস পার্ক’-এর পেছনের একটি পাহাড়ি টিলা থেকে নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন: নিখোঁজ হওয়ার একদিন পর শিশু অপ্রতিমের মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল অপ্রতিম। সন্ধান না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

জিডির পর পুলিশি প্রযুক্তির মাধ্যমে অপ্রতিমের ব্যবহৃত মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত করা হয়। এ তথ্যের ভিত্তিতে শনিবার ভোরের দিকে বিশ্ববিদালয়ের একদল শিক্ষার্থী ও স্থানীয়রা পুলিশের সহায়তায় ওই সামাজিক বনায়ন ও সংলগ্ন টিলায় ব্যাপক তল্লাশি চালান। অনুসন্ধানের একপর্যায়ে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের নির্জন টিলা থেকে অপ্রতিমের নিথর দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ অপ্রতিম

ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কিশোর অপ্রতিমকে মাথায় মারাত্মক আঘাত করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকার সন্দেহে তুহিন নামে ওই ব্যক্তিকে আটক করে হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া জানান, "হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে। আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও মূল অপরাধীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।"

—জা. অর্থনীতি/এলএটি