ধ্রুব রাঠিকে আটক করার ১৮ ঘণ্টা পর মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার আগে আটক করা ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিয়েছে পুলিশ। শনিবার গভীর রাতে তাকে মুক্তি দেওয়া হয়। আটকের প্রায় ১৮ ঘণ্টা পর তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসিক এলাকা থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়। পরে তাকে গুরুগ্রামের অপরাধ শাখার একটি কার্যালয়ে রাখা হয়। রোববার রাত ৩টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ধ্রুব রাঠির পরিবারের সদস্যরা অপরাধ শাখার কার্যালয়ে পৌঁছানোর পর তাকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের দাবি, দিল্লি পুলিশের সঙ্গে আলোচনা করে তাকে আটক করা হয়েছিল। রাজধানীতে আগে থেকেই নিষেধাজ্ঞামূলক আদেশ জারি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করে তিনি যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আবারও আটক করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দিল্লিতে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঠেকাতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। প্রায় ৪১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয়। বিক্ষোভকারীদের যন্তর মন্তরে পৌঁছাতে বাধা দেয় পুলিশ।

এদিকে, রবিবারও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। পুলিশের অভিযানের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ বসার কথা রয়েছে।

জা.অর্থনীতি/এসআই