আদালতে গেছেন চিকিৎসক, হাসপাতালে রোগী দেখছিলেন গাড়িচালক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে রোগীদের চিকিৎসা ও প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগ উঠেছে তার গাড়িচালকের বিরুদ্ধে। ঘটনার সময় সংশ্লিষ্ট চিকিৎসক আদালতে একটি মামলার শুনানিতে অংশ নিচ্ছিলেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য বিভাগের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গত সপ্তাহের বুধবার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

ভিডিওতে দেখা যায়, কানপুরের রামাদেবী চৌরাহা হাসপাতালের বহির্বিভাগে এক ব্যক্তি রোগীদের সঙ্গে কথা বলছেন এবং প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তির নাম দেব। তিনি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) রামকেশের গাড়িচালক। ঘটনার সময় চিকিৎসক রামকেশ একটি মামলার শুনানিতে আদালতে ছিলেন।

হাসপাতালের চিফ মেডিকেল অফিসার (সিএমও) হরিদাত নেমি জানান, ঘটনার তদন্তে চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট পীযূষ মিশ্রার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিয়েছে।

তদন্ত কমিটি গাড়িচালক দেব সত্যিই রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন কি না এবং এর আগেও তিনি এমন কাজ করেছেন কি না, তা খতিয়ে দেখবে। ঘটনার পর তাকে হাসপাতালের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ছাড়া গাড়িচালক কীভাবে বহির্বিভাগে রোগী দেখার সুযোগ পেলেন এবং কতজন রোগীকে চিকিৎসা দিয়ে ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন, সেসব বিষয়ও তদন্ত করা হচ্ছে।

চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট পীযূষ মিশ্রা চিকিৎসক রামকেশের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়েছেন। পাশাপাশি গাড়িচালকের বিরুদ্ধে চাকেরি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জা.অর্থনীতি/এসআই