আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার আগে বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
এনবিসি নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, নিয়মিত প্রশিক্ষণ মিশনে থাকা অবস্থায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। মিশিগান ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যান্ড ভেটেরানস অ্যাফেয়ার্সের মুখপাত্র মাইকেল ক্রল নিশ্চিত করেছেন, বিধ্বস্ত বিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের এফ-১৬।
মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, পাইলটের অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রশিক্ষণ মিশনটি মিশিগানের আলপেনায় অবস্থিত এয়ার ন্যাশনাল গার্ডের কমব্যাট রেডিনেস ট্রেনিং সেন্টার থেকে পরিচালিত হচ্ছিল।
ব্লেয়ার টাউনশিপের সুপারভাইজার নিকোল ব্লনশাইন জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তিনি নিজে দুর্ঘটনাটি দেখেননি, তবে কার্যালয় থেকে বিকট শব্দ শুনেছেন।
দুর্ঘটনার পর সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় এক মাইল ব্যাসার্ধের মধ্যে থাকা ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়। পরে রাত ৯টা ৪৪ মিনিটে নির্দেশটি প্রত্যাহার করা হয়।
জা.অর্থনীতি/এসআই