অনলাইন ডেস্ক: ঢাকার শ্যামলীতে শপিং জোন বিডি নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কমিশনারের নির্দেশনা অনুযায়ী গত ১৬ সেপ্টেম্বর শপিং জোন বিডি নামের প্রতিষ্ঠানটিতে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি নিজস্ব শোরুমের পাশাপাশি অনলাইনেও পোশাক বিক্রি করে থাকে।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। পরে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩ ফরমের মাধ্যমে সিপিইউসহ বিভিন্ন দলিলাদি জব্দ করা হয়।
জব্দ করা তথ্য ও দলিলাদি যাচাই করে প্রাথমিকভাবে ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার বিক্রয় তথ্য উদঘাটন করা হয়েছে। এসব বিক্রয়ের বিপরীতে পরিহারকৃত মূসকের পরিমাণ ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা বলে জানিয়েছে এনবিআর।
সংগৃহীত দলিলাদি আরও যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জা.অর্থনীতি/এসআই