পোশাকশিল্পে বাড়ছে মেশিন, কমছে শ্রমিক
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনীতি ডেস্ক:  একদিকে সস্তা শ্রম বাংলাদেশের পোশাকশিল্পের বড় শক্তি, অন্যদিকে সেই সস্তা শ্রমই কি অটোমেশনের পথে বাধা? বিশ্বজুড়ে যখন পোশাক কারখানায় বাড়ছে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার, তখন বাংলাদেশে অটোমেশন এখনও অনেকটাই সীমিত। সস্তা শ্রমিকে অটোমেশনে অনীহা পোশাক মালিকদের

বিশ্বব্যাংকের World Development Report 2026: The Promise of Artificial Intelligence বলছে, তুলনামূলক কম শ্রমব্যয়ের কারণে বাংলাদেশের অনেক কারখানা ব্যয়বহুল অটোমেশন প্রযুক্তিতে বিনিয়োগে আগ্রহী নয়। তবে উৎপাদনশীলতা ও মানের বৈশ্বিক প্রতিযোগিতা বাড়লে এই সুবিধা দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

অন্যদিকে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন- বিএলএফ, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ গবেষণায় দেখা গেছে, অটোমেশনের ফলে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের সংখ্যা কমেছে ৩০ দশমিক ৫৮ শতাংশ। কাটিংয়ে ৪৮ দশমিক ৩৪ শতাংশ, সেলাইয়ে ২৬ দশমিক ৫৭ শতাংশ। সোয়েটার কারখানায় প্রতি লাইনে শ্রমিক কমেছে ৩৭ দশমিক ০৩ শতাংশ, আর ওভেনে ২৭ দশমিক ২৩ শতাংশ।

তবে অটোমেশনের সুফলও আছে। গবেষণা বলছে, স্বয়ংক্রিয় মেশিনে ঘণ্টায় প্রায় ২০০ পিস উৎপাদন সম্ভব, যেখানে ম্যানুয়াল মেশিনে উৎপাদন ৫০ থেকে ৬০ পিস। দক্ষতা বেড়েছে ৩ থেকে ৫ শতাংশ, ত্রুটি কমেছে ৫০ শতাংশের বেশি এবং ৮৫ শতাংশ শ্রমিক জানিয়েছেন, অটোমেশনে তাদের শারীরিক চাপ কমেছে।

বিজিএমইএর সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান বলছেন, পোশাকশিল্পে অটোমেশন এখনও প্রাথমিক পর্যায়ে। শুধু কম মজুরি নয়, প্রয়োজনীয় দক্ষতার ঘাটতিও প্রযুক্তি গ্রহণের বড় বাধা। তার মতে, শ্রমিকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে হবে।

আর সিপিডির সম্মানীয় ফেলো ড. ফাহমিদা খাতুনের মতে, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে অটোমেশনের বিকল্প নেই। প্রযুক্তির কারণে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা থাকলেও প্রযুক্তি গ্রহণ আটকে রাখা যাবে না; বরং অটোমেশনের পাশাপাশি শ্রমিকদের পুনঃপ্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

দেশে প্রায় ৪ হাজার রপ্তানিমুখী পোশাক কারখানা, অথচ খাতে স্কিল গ্যাপ ৬০ শতাংশের বেশি। প্রতি ঘণ্টায় শ্রম উৎপাদনশীলতা বাংলাদেশে ৫ দশমিক ৯ ডলার, যেখানে ভিয়েতনামে ৬ দশমিক ৪ এবং ভারতে ৭ দশমিক ২ ডলার।

অর্থাৎ, প্রশ্নটা শুধু মেশিন আসবে কি না- প্রশ্ন হলো, মেশিনের সঙ্গে বাংলাদেশের শ্রমিক কতটা প্রস্তুত? সস্তা শ্রমের সুবিধা ধরে রাখার পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ই এখন পোশাকশিল্পের সামনে বড় চ্যালেঞ্জ।

 

—জা. অর্থনীতি/এলএটি