নোবিপ্রবিতে স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
ছবি: জাতীয় অর্থনীতি

নোবিপ্রবি প্রতিনিধি: বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ এবং বিশ্ববিদ্যালয়ের ওপর একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শনের মাধ্যমে নবীনদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান (এমপি)।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, "বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি দেওয়ার স্থান নয়, এটি ভিন্নমতকে সম্মান জানানো এবং দেশের অর্থনীতি ও সমাজে অবদান রাখতে শেখায়। জ্ঞান ও দক্ষতা অর্জন করে শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।" তিনি আরও জানান, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং বাজেটে তার প্রতিফলন ঘটেছে। গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান যেন সাধারণ মানুষের কল্যাণে আসে, সে লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

গেস্ট অব অনারের বক্তব্যে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান (এমপি) বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ঘোষণা দেন, নোবিপ্রবিতে শিগগিরই একটি সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া ক্যাম্পাস সম্প্রসারণে আরও ১০০ থেকে ১৫০ একর জমি অধিগ্রহণ, বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা চার লেনে উন্নীতকরণ এবং সোনাপুর রেলপথ সম্প্রসারণ করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানে নতুন রেলস্টেশন নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতায় জোর দিয়ে বলেন, তরুণদের গবেষণামূলক চিন্তায় সহায়তার জন্য ৫০০ কোটি টাকার নতুন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নবীনদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি ক্যাম্পাসের চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জানান, একাডেমিক ভবন-৩ নির্মাণ, আবাসিক হলে ওয়াই-ফাই সংযোগ, নতুন ৪টি হলের ডিপিপি প্রণয়ন, পরিবহন পুলে বাস সংযোজন এবং জমি অধিগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ভাষা ও সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের কাজ দ্রুত এগিয়ে চলছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও জেলা জামায়াতে ইসলামীর আমীর ইসহাক খন্দকার বক্তব্য দেন।

শিক্ষকদের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের পক্ষে নুছরাত শরীফ সাবিহা ও নজরুল ইসলাম তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি