ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা নিরসন ও যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে এক নাগরিক সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিরাক বাংলাদেশ’-এর উদ্যোগে নগরের কাঁচিঝুলি এলাকার একটি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার।
সেমিনারে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের সাধারণ নাগরিক ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে নিজ নিজ এলাকার নানা দুর্ভোগের চিত্র তুলে ধরেন। আলোচনায় মাদকের ভয়াবহ বিস্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ছিনতাই বৃদ্ধি, সড়কগুলোর বেহাল দশা এবং ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতাকে প্রধান নাগরিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান বলেন, “চিহ্নিত সমস্যাগুলো নিরসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুতই নগরবাসী এসব সমস্যা থেকে পরিত্রাণ পাবেন।”
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম ও আইনজীবী শিব্বির আহমেদ লিটন। অনুষ্ঠান শেষে ময়মনসিংহ নগরীর ১২টি প্রধান সংকট ও তা সমাধানের দাবি সংবলিত একটি স্মারকলিপি সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে হস্তান্তর করেন আয়োজক ও নাগরিক প্রতিনিধিরা।
—জা. অর্থনীতি/এলএটি