কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খান বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে ইটনা উপজেলার টিয়ারকোনা হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৪০) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৭)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে শাহ আলম ও মোকাররম হোসেন জাল নিয়ে নৌকায় করে ইটনা উপজেলার টিয়ারকোনা হাওরে মাছ ধরতে যান।
হাওর থেকে ফিরতে দেরি হওয়া এবং সকালে আবহাওয়া বৈরী থাকায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে সকাল ১০টার দিকে স্বজনেরা তাদের খোঁজে হাওরের দিকে বের হন। একপর্যায়ে টিয়ারকোনা হাওরের মধ্যে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে করিমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ভোরে বৃষ্টির মধ্যেই তারা মাছ ধরতে হাওরে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতের ঘটনায় একই পরিবারের দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।
ওসি বলেন, “বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
—জা. অর্থনীতি/এলএটি
