ইসরায়েলি হামলায় হামাসের ব্রিগেড প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার খান ইউনিস ব্রিগেডের শীর্ষ কমান্ডার মুহাম্মদ আব্দুল সালাম আল-ইয়াজুরিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও গোয়েন্দা সংস্থা শিন বেত জানিয়েছে, আল-ইয়াজুরি হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং একাধিক হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।

ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, একই বিমান হামলায় হামাসের একজন কোম্পানি কমান্ডার হুজাইফা মুআম্মার এবং সংগঠনটির সদস্য মুহাম্মদ বাহজাত রাদিও নিহত হয়েছেন।

ফিলিস্তিনি গণমাধ্যম এবং হামাসের বিভিন্ন বার্তা চ্যানেলও বিমান হামলায় আল-ইয়াজুরির নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে। তার নিহত হওয়ার পর হামাসের পক্ষ থেকে শোকবার্তা প্রকাশ করা হয় এবং তাকে নিয়ে ‘শহীদ পোস্টার’ প্রকাশ করা হয়েছে।

হামাসের সূত্র জানায়, নিহত মুহাম্মদ আল-ইয়াজুরি সংগঠনটির সামরিক শাখায় ‘আবু আল-হাইথাম’ নামে পরিচিত ছিলেন।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, আল-ইয়াজুরি সাম্প্রতিক সময়ে হামাসের সামরিক কার্যক্রম পুনর্গঠনে সক্রিয় ছিলেন এবং সংগঠনটির বিভিন্ন হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রাখছিলেন।

গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। তবে হামলাটি ঠিক কখন পরিচালিত হয়েছে এবং এতে হতাহতের আরও কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জা.অর্থনীতি/এসআই