আজ থেকে টাকা ফেরত পাচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংককের গ্রাহকরা

অর্থনীতি ডেস্ক: গ্রাহকের আমানত ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় ৫,০০০ কোটি টাকা পেয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। অন্যদিকে গত চার কার্যদিবসে ব্যাংকটির গ্রাহকেরা ৩,৯২৫ কোটি টাকা তুলে নেওয়ার আবেদন করেছেন।

বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণ ব্যক্তি পর্যায়ের আমানতকারীরা আজ সোমবার থেকে টাকা তুলতে পারবেন। আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর, ডিপিএসসহ অন্যান্য হিসাবে টাকা রয়েছে, এমন ব্যক্তি আমানতকারীরা তাদের মূল টাকা তুলতে পারবেন। 

নগদ অর্থ ও শাখাগুলোর প্রস্তুতি সম্পন্ন করতে ব্যাংকটি রোববার পর্যন্ত আবেদন গ্রহণ করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে অর্থ পরিশোধ শুরু হবে।

যেসব গ্রাহক হিসাব চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী মুনাফা পেতে থাকবেন। ব্যাংকের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে মূলধন ও মুনাফাসহ আমানত রাখা ও উত্তোলনে কোনো সীমা থাকবে না।

গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে।

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মধ্যে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীর সংখ্যা ৭৬ লাখ এবং মোট আমানত ১ লাখ ৪২ হাজার কোটি টাকা।

ব্যাংকটির মোট ঋণের পরিমাণ ১ লাখ ৯২ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮৬ শতাংশই খেলাপি। আর মূলধন ঘাটতি ১ লাখ ৫০ হাজার কোটি টাকার বেশি।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি গত বছরের নভেম্বরে কার্যক্রম শুরু করে। এর অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার হিসেবে ইস্যু করার কথা রয়েছে।
 
—জা. অর্থনীতি/এএইচএ