পছন্দের তরুণীকে বিয়ে করতে মোবাইল টাওয়ারের চূড়ায় যুবক

আন্তর্জাতিক ডেস্ক: পছন্দের তরুণীকে বিয়ে করতে চান তিনি। আর সেই ইচ্ছা পূরণের দাবিতে শেষ পর্যন্ত উঠে গেলেন মোবাইল টাওয়ারের চূড়ায়। তাকে নিরাপদে নামিয়ে আনতে দমকলকর্মীদের রীতিমতো বেগ পেতে হয়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের পুণের পিম্পরী-চিঞ্চবাড এলাকার। সোমবার (২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রবিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মামুর্ডীর গাহুঞ্জে রোড এলাকায় একটি মোবাইল টাওয়ারের বেশ উঁচুতে উঠে পড়েন ওই তরুণ। এক তরুণীকে বিয়ে করার ইচ্ছা থেকেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে।

টাওয়ারের ওপর তরুণকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। দীর্ঘ সময় ধরে নানা চেষ্টা চালানোর পর প্রায় সাড়ে তিন ঘণ্টায় তাঁকে নিচে নামিয়ে আনতে সক্ষম হন তারা।

তবে ওই তরুণীকে বিয়ে করতে ঠিক কী ধরনের দাবি জানিয়েছিলেন ওই যুবক, কিংবা তরুণী বিয়েতে রাজি ছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

‘পুণেপালস’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তরুণের এমন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তাদের আশঙ্কা, সামান্য অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটতে পারত। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

জা.অর্থনীতি/এসআই