সিলেট প্রতিনিধি: সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশেষায়িত শিশু হাসপাতাল এবং ৪৫০ শয্যাবিশিষ্ট ক্যান্সার ইনস্টিটিউট চালুর ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে সাথে নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "সিলেটে স্বাস্থ্যসেবার প্রসারে বর্তমানে তিনটি প্রধান প্রকল্প নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে। বিশেষায়িত শিশু হাসপাতাল ও অসম্পূর্ণ ৪৫০ শয্যার ক্যান্সার ইনস্টিটিউটের কাজ দ্রুত শেষ করতে স্বাস্থ্যমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।" একই সাথে পূর্বঘোষিত ২৫০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতালটি দ্রুত চালু করার প্রশাসনিক প্রক্রিয়া জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটে প্রস্তাবিত এসব স্বাস্থ্য প্রকল্প, নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বিসিকের উন্নয়নমূলক উদ্যোগগুলো বাস্তবায়িত হলে সমগ্র সিলেট অঞ্চলের স্বাস্থ্য খাত ও অর্থনৈতিক সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি