শিল্পকলায় নজরুলের ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগান

অনলাইন ডেস্ক: নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘নজরুলের লেটোগান ও কবিগান’। লোকঐতিহ্য, সৃজনশীলতা ও বিদ্রোহী চেতনার মেলবন্ধনে সাজানো এ আয়োজনে পরিবেশিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেটোগান ও কবিগান।

বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ‘কাজী নজরুল ইসলামের লেটোগান ও কবিগান: লোক ঐতিহ্য, সৃজনশীলতা ও বিদ্রোহী চেতনার উৎসসন্ধান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি সংগীত কলেজের লোকসংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. কমল খালিদ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহবাজীন রহমান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ড. কমল খালিদের পরিচালনা ও রূপায়ণে পরিবেশিত হয় লেটোগান ‘অন্ধরাজা’। এতে অংশ নেয় ‘নিমশা লেটোদল’ ও ‘মেদেনীপুর লেটোদল’। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সায়মা আহমেদ লিজা।

পরে নজরুল রচিত ‘কবির লড়াই’ পরিবেশিত হয়। জীবন চৌধুরীর পরিচালনা ও রূপায়ণে এ পরিবেশনায় কবিয়াল জীবনউড়ের সঙ্গে গানে গানে লড়াই করেন কবিয়াল গুমানী বাবু। পরিবেশনায় আরও ছিলেন জীবন চৌধুরী, বাবুল হোসাইন ও মামুন হোসাইন। দোহার হিসেবে অংশ নেন শান, সৈয়দ মাসুমুর রহমান, জয়ন্ত বিকাশ দাস, মাহমুদা আক্তার রূপা, আরবী ইসলাম স্বর্ণা, জান্নাত আরা শ্যামলী, অনন্যা রায় ও নারায়ণ দেব।

জা.অর্থনীতি/এসআই