সংস্কৃতি ও প্রত্নতত্ত্বের মেলবন্ধন: প্রকাশিত হলো 'ফ্রম আর্থ টু হেভেন'
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনীতি ডেস্ক: বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র ও গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে গত ১৩ অক্টোবর বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র থেকে প্রকাশিত "ফ্রম আর্থ টু হেভেন: মেনি ভয়েসেস অফ গডস অ্যান্ড গডেসসেস: এসেস ইন অনার অফ গের্ড জে. আর. মেভিস" শিরোনামে গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

গ্রন্থটিতে জার্মানি, অস্ট্রিয়া, জাপান, যুক্তরাজ্য, ইতালি, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের লেখকদের ৩৭ টি গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে। 

গ্রন্থটি যৌথভাবে সম্পাদনা করেছেন ড. ক্লডিন বাউটজে-পিক্রন, ড. রজত সান্যাল এবং ড. মোহাম্মদ নাসির উদ্দিন (মবিন)। 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, গ্রন্থটি জ্ঞানচর্চা ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তিনি আশা প্রকাশ করেন, এসব গবেষণা প্রকাশনা বাংলাদেশের আর্টহিস্ট্রি ও প্রত্নচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে। তিনি গ্রন্থটির বিষয়বস্তু নিয়ে ভূয়সী প্রশংসা করেন। প্রফেসর নিরঞ্জন অধিকারীর সভাপতিত্ত্বে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটি নিয়ে আলোচনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ-এর পরিচালক মি. ফ্র্যাঙ্ক ভার্নার ও বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র-র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ নাসির উদ্দিন (মবিন)। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ অনুষ্ঠানটিতে বিপুল সংখ্যক বিদেশী গবেষক জুমের মাধ্যমে অংশগ্রহণ করেন ও তাদের বক্তব্য প্রদান করেন। মেভিসেন ভলিউমস'-এর মাধ্যমে জার্মান গবেষকের সাথে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র-এর দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ সম্পর্কের বিষয়টিও স্বীকৃতি পেয়েছে।  

—জা. অর্থনীতি/এনজে