সিলেটে জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ.টি.এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, চারিত্রিক সৌন্দর্য ও আদর্শ নেতৃত্বের মাধ্যমে ইসলামের শিক্ষা মানুষের সামনে তুলে ধরে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। দায়িত্বশীলদের কথা ও কাজের মিল রেখে আত্মশুদ্ধি, নৈতিকতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট নগরীর মদিনামার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াতের থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দু’দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ.টি.এম আজহারুল ইসলাম এমপি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও চরিত্র অনুসরণ করে কুরআনের আদেশ শতভাগ মেনে চলতে হবে। তিনি কর্মীদের পাঁচটি বিষয়- হারাম খাদ্য গ্রহণ, মিথ্যাচার, গীবত, অলসতা ও অধৈর্য পরিহার করার তাগিদ দিয়ে বলেন, আত্মগঠন ও আদর্শ চরিত্রের মাধ্যমেই ইসলাম ও সংগঠনের শক্তি বৃদ্ধি সম্ভব।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। শিক্ষাশিবিরে জামায়াতের অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুলসহ মহানগর ও জেলা জামায়াতের বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সমাপনী সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম সংগঠনের প্রতিটি স্তরে নৈতিক মানোন্নয়ন, প্রশিক্ষণ ও পারস্পরিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনে নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে। শিক্ষাশিবিরে নগরীর সকল থানার মজলিসে শুরা ও কর্মপরিষদের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

—জা. অর্থনীতি/এলএটি