সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুলু বেগম (৬০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক এই তথ্য নিশ্চিত করেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার পিরোজপুর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুলু বেগম কুমিল্লা কোতোয়ালি থানার গোলবাড় এলাকার মৃত আলী নেওয়াজের স্ত্রী।
পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সফিউদ্দিনের নেতৃত্বে অভিযানে দুলু বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ওসি বলেন, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি