ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান।
শনিবার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, পূর্ববর্তী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ২৯ আগস্ট তারিখ পূর্বাহ্ণ হতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ থেকেই পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সব সুবিধা প্রাপ্ত হবেন।
দায়িত্ব পাওয়ার পর নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য। দপ্তরের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের দোয়া চাই। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সবার সেবা দেওয়ার জন্য এই দপ্তর কাজ করবে। যদিও আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে উপাচার্য স্যার ইতোমধ্যে একটি প্রকল্প নিয়েছেন যাতে সংশ্লিষ্ট সকলের দক্ষতা বৃদ্ধি পায়। আশা করি প্রকল্পটি দ্রুতই বাস্তবায়ন হবে। দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কাম্য।”
উল্লেখ্য, গত বছরের ৫ মার্চ ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক। তর আবেদনের প্রেক্ষিতে আজ থেকে অধ্যাপক ড. আতিকুর রহমানকে দায়িত্ব দেন প্রশাসন।
—জা. অর্থনীতি/এলএটি