কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় কুমারখালীর ছেফড়িয়ায় বাউল সম্রাট ফকির লালনের আখড়াবাড়ির ভেতর থেকে একটি বোমা সাদৃশ্য বস্তু ও দুই লিটার পেট্টল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১২টায় আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি ব্যাগে রাখা লাল টেপে জড়ানো বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করা হয়।
আখড়াবাড়িতে চলছে ফকির লালনের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের উৎসব। আজ শেষ দিন হওয়ায় সকাল থেকেই আখড়াবাড়ি ছাড়ছেন সাধু ভক্তরা। আখড়াবাড়ি অনেকটা ফাঁকা হয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, গতকাল দিবাগত রাত ১২টার দিকে এক চায়ের দোকানদার একটি সাদা রঙের ব্যাগ পরে থাকতে দেখে। ব্যাগটি খুলতেই একটি লাল রঙের টেপ দিয়ে জড়ানো বোমা সাদৃশ্য বস্ত ও সেখানে দুই লিটার পরিমাণ পেট্রোল এবং দুইটি সার্কিট জাতীয় বস্তু দেখতে পান। সাথে সাথে ওই ব্যক্তি পুলিশসহ মেলার আয়োজক কমিটিকে জানায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা জায়গাটি ঘিরে রাখে এবং মাজারের মূল গেটটি বন্ধ করে দেয়।
৫ দিন ধরে নিখোঁজ ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানিয়েছেন, সিসি ক্যামেরা দেখে কে বা কারা বোমাটি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, সকাল ৭টার দিকে বোমা নিষ্ক্রিয় দল টাইম বোমার মত বোমাটি নিষ্ক্রিয় করেছে। এই ঘটনায় বাউল সাধুরা আতঙ্কিত হয়ে পড়েছেন। একই সাথে আজ শেষ দিন হওয়ায় সকাল থেকেই তারা আখড়াবাড়ি ছাড়তে শুরু করেছেন।
—জা. অর্থনীতি/এনজে