আল নাসরের জয়ে রোনালদোর ৯৭৮তম গোল
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: সৌদি প্রো লিগে আল তাউনের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে আল নাসর। ২-১ গোলের এ জয়ে ম্যাচের নির্ধারক গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলের মাধ্যমে পর্তুগিজ তারকার ক্যারিয়ার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮টিতে।

শুক্রবার (২৮ আগস্ট) নিজেদের মাঠে ম্যাচের শুরুতে ধাক্কা খায় আল নাসর। ১১তম মিনিটে গোল করে স্বাগতিকদের বিপক্ষে এগিয়ে যায় আল তাউন।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল শোধ করে ম্যাচে ফেরে আল নাসর। সামু কস্তার গোলে বিরতির আগে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে দলটি।

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। বিরতির ৫ মিনিট পরই আসে তাদের জয়সূচক গোল। বক্সের ভেতরে মোহামেদ সিমাকানের নেওয়া শটের গতিপথে পা ছুঁইয়ে বল জালে পাঠান রোনালদো।

এক ম্যাচ গোলশূন্য থাকার পর এই গোলের মাধ্যমে আবারও স্কোরশিটে ফিরলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ৩ ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।

ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর গোল এখন ৯৭৮টি। এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আরও ২২ গোল।

এদিকে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা ৪ ম্যাচে জয় পেয়েছে আল নাসর। ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি।

—জা.অর্থনীতি/এনজে