করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি: করিমগঞ্জ পৌরসভার কলাতুলি এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, সড়কের একটি বড় অংশ পুরোপুরি দেবে গিয়ে ভয়াবহ ধসের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন যাতায়াতকারী শত শত মানুষ ও যানবাহন তীব্র ঝুঁকির মুখে পড়ছে। রাস্তাটি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় রিকশা ও ছোট যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিশেষ করে শিশু, প্রসূতি ও প্রবীণদের চলাচলে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বেহাল দশা চললেও পৌর কর্তৃপক্ষ তা মেরামতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অবিলম্বে সড়কটি সংস্কার করে যাতায়াত নিরাপদ করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
—জা. অর্থনীতি/এলএটি