পদ্মা নদীতে চ্যানেল চার্জ আদায়কে কেন্দ্র করে হামলা
ছবি: জাতীয় অর্থনীতি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে চলাচলকারী বাল্কহেড থেকে চ্যানেল চার্জ আদায়কে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতাসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার হরিণাঘাট সংলগ্ন মাঝ পদ্মায় এ হামলার ঘটনা ঘটে। 

আহতদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলায় আহত ব্যক্তিরা অভিযোগ করেন, হামলার সময় তাদের কাছ থেকে চ্যানেল চার্জের নগদ অর্থ ও মোবাইল ফোনসহ প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

গুরুতর আহত হারুকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমানসহ প্রত্যক্ষদর্শীরা জানান, নদী থেকে চ্যানেল চার্জ আদায়ের সময় তিনটি স্পিডবোটে হেলমেট ও মাস্ক পরা ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল ফাঁকা গুলি ছুড়ে তাদের ঘিরে ফেলে। এরপর দেশীয় অস্ত্র, রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে কয়েকজনকে নদীতে ফেলে দেওয়া হয় এবং তিনজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অর্পিতা সাহা জানান, আহত ১১ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন, যার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় মানিকগঞ্জে রেফার্ড করা হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবজাল হোসেন জানান, চ্যানেল চার্জ আদায় কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এলএটি