বরখাস্তকৃত প্রধান শিক্ষককে বিদ্যালয়ে তালাবদ্ধ করল শিক্ষার্থীরা
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌর শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক রাশেদা বেগম হঠাৎ বিদ্যালয়ে আসলে তাকে নিজ কক্ষে তালাবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তার স্থায়ী বরখাস্তের এক দফা দাবিতে দরজার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তার এভাবে হঠাৎ বিদ্যালয়ে এসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা একদমই অনভিপ্রেত এবং এর দায় তাকেই নিতে হবে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন জানান, জেলা জজ কোর্ট ও পরবর্তীতে হাইকোর্ট- উভয় আদালতেই তার বরখাস্তের আদেশ বহাল রাখা হয়েছে। আজ বিদ্যালয়ে গিয়ে তিনি সরাসরি আদালত অবমাননা করেছেন।

উল্লেখ্য, অনিয়ম, অর্থনৈতিক দুর্নীতি, কর্তব্যে গাফিলতি ও প্রশাসনের সঙ্গে অসহযোগিতার অভিযোগে ২০২৫ সালের ১৭ জুলাই এক অফিস আদেশের মাধ্যমে তাকে বরখাস্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর থেকেই তার স্থায়ী অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

—জা. অর্থনীতি/এলএটি