জমি বিরোধে কাটা পড়ল শতাধিক গাছ
ছবি: জাতীয় অর্থনীতি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রায় দেড় শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ও উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে জমির সীমানার সিমেন্টের খুঁটি উপড়ে ফেলা এবং জিআই তারের বেড়া কেটে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা ঢাকাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মোছা. সামছুন নাহার বাদী হয়ে মো. ইনছান আলীকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে ভোগদখলীয় ৩০ শতাংশ জমির মালিকানা নিয়ে অভিযুক্তদের সঙ্গে সামছুন নাহারের বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সকালে ইনছান আলীর নেতৃত্বে দলবদ্ধ হয়ে অভিযুক্তরা জমিতে বেআইনিভাবে প্রবেশ করে। এ সময় জমিতে থাকা আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৫০টি ফলজ ও বনজ গাছ কেটে ও উপড়ে ফেলা হয়, যার আনুমানিক ক্ষতি ৩২ হাজার টাকা। এ ছাড়া জমির সীমানায় থাকা সিমেন্টের খুঁটি ভেঙে ফেলা এবং প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের জিআই তারের বেড়া কেটে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সামছুন নাহার আরও অভিযোগ করেন, পূর্বের একটি মারামারির মামলায় জামিনে বের হয়ে অভিযুক্তরা বিরোধ মীমাংসার কথা বলে ৩ লাখ টাকা চাঁদা দাবি আসছিল এবং মামলা তুলে নিতে চাপ দিয়ে আসছিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান অভিযুক্ত মো. ইনছান আলী বলেন, "সামছুন নাহারের গাছ কিংবা বেড়া কাটার বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।"

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

—জা. অর্থনীতি/এলএটি