জমি দখলের চেষ্টার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
ছবি: জাতীয় অর্থনীতি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মোবাইল ফোন ছিনতাই ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দখলের হাত থেকে জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে নগরীর মনোহরপুর এলাকার মনোমিল রানী টাওয়ারে অবস্থিত জেলা প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ সংস্থার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী রত্না রানী শীল অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর সকালে একই এলাকার সাইফুল ইসলাম তোফায়েলসহ কয়েকজন তাদের পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিতে গেলে অভিযুক্ত তোফায়েল তাকে বেদম মারধর করে এবং ঘটনার দৃশ্য ধারণকৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

এ সময় রত্না রানী শীলের জেঠু আশিষ চন্দ্র শীল, দাদু নারায়ণ চন্দ্র শীল ও সরদার মিজানসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় রত্না রানী শীলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী জানান, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহযোগিতায় ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হলেও দখলের চেষ্টার ধারণকৃত সব ভিডিও ফুটেজ মুছে ফেলা হয়েছে। বর্তমানে ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা নিলে অভিযুক্তরা পরিবারটিকে প্রাণনাশ ও বাড়িছাড়ার হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তোফায়েলসহ জড়িত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানান।  

—জা. অর্থনীতি/এলএটি