শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলায় মাদক, চোরাচালান ও কিশোর অপরাধসহ সার্বিক অপরাধ দমনে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট মাসের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক ব্যবসা ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে শহরের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং কিশোর অপরাধ বন্ধে কার্যকর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া সামাজিক সম্প্রীতি বজায় রাখা, গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদারকি, ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিতে সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। সভায় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা প্রশাসক।
—জা. অর্থনীতি/এলএটি