তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দেড় দশকের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের অসামান্য আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস কিশোরগঞ্জের তাড়াইলে পরম শ্রদ্ধায় পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা, দোয়া মাহফিল ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) জিসান আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়ার স্বাগত বক্তব্যের পর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিএনপি ও এর অঙ্গ সংগঠন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বীরত্বগাথা নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যেবোধে উদ্বুদ্ধ করবে। শহীদদের স্বপ্নের বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত বীর যোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
—জা. অর্থনীতি/এলএটি