ভোগাই নদীর ভাঙন পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক-ইউএনও
ছবি: জাতীয় অর্থনীতি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বেনীরগোপ এলাকায় ভোগাই নদীর ভাঙন পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ,নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম। এসময় তারা ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের নির্দেশনায় ভাঙনকবলিত স্থানে যান কর্মকর্তারা।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সাংবাদিক আমানুল্লাহ আসিফ, স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য ময়না খাতুন, পার্শ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক, বেনীরগোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বিকেলে ভোগাই নদীর পূর্বের ভাঙনের সাথে নতুন করে আরো ভাঙনের দেখা দেয়। যার ফলে নদীর পানি সরাসরি প্রবেশ করে তলিয়ে যায় বেনীরগোপ গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি। পরে স্থানীয় সাংবাদিক আমানুল্লাহ আসিফ বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করলে জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শনে কর্মকর্তাদের পাঠান।

কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নদীভাঙনের বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন। এ সময় ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।

—জা. অর্থনীতি/এলএটি