বৈদ্যুতিক খুঁটিতে উঠে টিকটক করতে গিয়ে প্রাণ গেল কিশোরের
ছবি: জাতীয় অর্থনীতি

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী হাওরে বৈদ্যুতিক খুঁটিতে উঠে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয়। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার কারপাশা ইউনিয়নের বাগখালী এলাকার নানশ্রী ব্রিজসংলগ্ন হাওরে বৈদ্যুতিক খুঁটিতে উঠে টিকটক ভিডিও ধারণ করছিল মোনায়েম। নিহত মোনায়েম (১৫) নিকলী উপজেলার নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে টিকটক ভিডিও ধারণ করতে নানশ্রী ব্রিজ এলাকায় গিয়েছিল মোনায়েম। ভিডিওকে আরও আকর্ষণীয় করতে সে ব্রিজের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠে। পরে সেখান থেকে নিচের পানিতে লাফ দেওয়ার চেষ্টা করলে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে নিয়ন্ত্রণ হারিয়ে হাওরের পানিতে পড়ে তলিয়ে যায়। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় নয় ঘণ্টা তল্লাশি চালিয়ে শনিবার রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকেই  তার মরদেহ উদ্ধার করে।

নিকলী থানার ওসি মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। —জা. অর্থনীতি/এলএটি