মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন পিয়ন
ছবি: জাতীয় অর্থনীতি

মো আবু রায়হান, ইটনা (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ইটনা উপজেলার থানেশ্বর দাখিল মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে দেখা গেছে একজন পিয়নকে।

সরেজমিনে সাংবাদিকের অনুসন্ধানে উঠে এসেছে এ চিত্র। এ ঘটনায় মাদ্রাসাটির পাঠদান কার্যক্রম, শিক্ষকদের দায়িত্ব পালন এবং প্রতিষ্ঠানের তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসাটির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন একজন পিয়ন। শিক্ষার্থীদের পাঠদানের দায়িত্ব শিক্ষকদের হলেও একজন কর্মচারীকে দিয়ে ক্লাস পরিচালনার বিষয়টি স্থানীয় শিক্ষা কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্টের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না। রুটিনে আমরা তার নাম রাখি নাই।

তবে পিয়নের বক্তব্য অনুযায়ী, তার ক্লাস নেওয়ার বিষয়টি ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট অবগত আছেন। ফলে এ বিষয়ে দুইপক্ষের বক্তব্যে অসংগতি দেখা দিয়েছে।

প্রকৃতপক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি জানত কি না এবং কীভাবে একজন পিয়নকে দিয়ে পাঠদান করানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পরিচালনা, শিক্ষকদের দায়িত্ব বণ্টন এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ভিত্তি গঠনের সময়ে মানসম্মত পাঠদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্টের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

 —জা. অর্থনীতি/এনজে