জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় আলম মন্ডল নামে এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) আবদুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলম মন্ডল জেলার আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের মৃত কফিল উদ্দিন মন্ডলের ছেলে।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২টার দিকে ১৩ বছর বয়সী ওই মাদ্রাসাছাত্রী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে পোশাক পরিবর্তন করছিল। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডল ঘরে ঢুকে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে এবং খাটের ওপর নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি আলম মন্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার দুই দিন পর, ১১ অক্টোবর ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এই ঐতিহাসিক রায় প্রদান করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি রিনাত ফেরদৌসী রিনি সন্তোষ প্রকাশ করেন।
—জা. অর্থনীতি/এলএটি
