জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় অতিবৃষ্টির কারণে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ পাকা সড়ক ভেঙে গেছে। এতে উত্তর সিরাজাবাদ থেকে ইসলামপুর সদর এবং প্রতিবেশী দেওয়ানগঞ্জ উপজেলার সাথে সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলার উত্তর সিরাজাবাদ থেকে দেওয়ানগঞ্জ-ইসলামপুর সংযোগ সড়কটি কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে কয়েকটি জায়গায় ভেঙে ধসে পড়ে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, উত্তর সিরাজাবাদ থেকে ইসলামপুরে যাতায়াতের অন্যতম প্রধান এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় আগেই খানাখন্দের সৃষ্টি হয়েছিল। সাম্প্রতিক টানা বৃষ্টিতে সড়কটির কয়েকটি অংশ ধসে যাওয়ায় বর্তমানে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সড়কের এই বেহাল দশার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল, ব্যবসা-বাণিজ্য এবং কৃষিপণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
সড়কটি ভেঙে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী, বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এলাকাবাসী জানান, সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে তারা একাধিকবার স্থানীয় ইউনিয়ন প্রশাসনের সাথে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর টেকসই উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ জানান, ইতিমধ্যে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য দরপত্র আহ্বান করার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আপাতত সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও জরুরি যানবাহন চলাচলের স্বার্থে ড্রামসীট প্যালাসাইডিং দিয়ে এবং বালির বস্তা ফেলে সাময়িকভাবে সড়কটি চলাচলের উপযোগী করার কাজ চলছে।
—জা. অর্থনীতি/এলএটি
