গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে টিসিবি'র লাইসেন্স নবায়ন না দিয়ে নতুন ডিলার নিয়োগের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)-এর বিদ্যমান ডিলারেরা। পরে তারা দ্রুত লাইসেন্স নবায়ন ও পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে জেলার পাঁচ উপজেলার টিসিবি'র ডিলারদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০২৫ সালে সব ধরনের শর্ত পূরণ করে নিয়মিত পণ্য বিতরণ করলেও জেলার ৩০ জন ডিলারের লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া ২০২৬ সালের জুন মাস পার হলেও কোনো ডিলারের লাইসেন্স নবায়নের কার্যক্রম সম্পন্ন না করায় তাদের মাঝে চরম ক্ষোভ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের সুপারিশ থাকা সত্ত্বেও তা কার্যকর না করে উল্টো নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা অবিচার।
করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে ও ডিজিটাল সিস্টেমে সততার সাথে দায়িত্ব পালন করার কথা উল্লেখ করে বক্তারা বর্তমান ডিলারদের বাদ না দিয়ে কেবল শূন্য স্থানে নতুন ডিলার নিয়োগের দাবি জানান। অন্যথায় ডিলার ও এর সাথে জড়িত শত শত শ্রমিক পরিবার বেকার হয়ে পড়বে হুঁশিয়ারি দিয়ে তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
—জা. অর্থনীতি/এলএটি