মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলায় ৩০টি মামলার পলাতক আসামি আল-আমিন হাওলাদারকে (২৮) ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারিয়া রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার থানতলী এলাকার ম্যাজিক চায়ের কর্নার দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল-আমিন হাওলাদার সদর উপজেলার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ডিবি পুলিশের একটি টিম থানতলী এলাকায় অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। পরে পুলিশি তথ্যভান্ডার (সিডিএমএস) যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মোট ৩০টি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধ দমনে জেলা পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি