ফের বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, সড়কে হাঁটুপানি

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে। জলাবদ্ধতার আশঙ্কায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা ও শ্রেণি কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ১২ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় ১৩৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকাল থেকে চকবাজার, বাকলিয়া, রাহাত্তারপুল ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটুপানি জমে যায়। পানি মাড়িয়ে যানবাহন চলাচল করলেও অফিসগামী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক এলাকায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দেয় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে।

আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে নিচু এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের সর্বশেষ তথ্যে, চট্টগ্রামের ১৫টি উপজেলা ও মহানগরে প্রায় ৬ লাখ ৬২ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়ায় ৩ লাখ ৫২ হাজার ৫০০ এবং বাঁশখালীতে প্রায় দেড় লাখ মানুষ।

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যায় জেলার বিভিন্ন উপজেলায় পানিতে ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত মঙ্গলবার এক দিনে জুলাই মাসের গত ৪৩ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল, যার ফলে নগরের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। নতুন করে ভারী বর্ষণে সেই পরিস্থিতি আবারও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

জা.অর্থনীতি/এসআই