কুবি প্রতিনিধি: সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় এখন ব্যাকডোর পুশের (পেছন দরজা দিয়ে নিয়োগ) সুযোগ অনেকটাই বন্ধ হয়েছে এবং প্রশ্নফাঁসও আর হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
রোববার (১২ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. সায়মা ফেরদৌস বলেন, “কোটা আন্দোলনকে ঘিরে আমরা চাকরির বাজারে ব্যাকডোর পুশের মতো অনিয়ম দেখেছি। এতে অনেক মেধাবী বঞ্চিত হয়েছেন। তবে গত দুই বছরের প্রচেষ্টা ও সংগ্রামের ফলে আলহামদুলিল্লাহ, ব্যাকডোর পুশ বন্ধ হয়েছে। এখন আর ব্যাকডোর দিয়ে নিয়োগ সম্ভব হয় না। প্রশ্নফাঁসও হয় না।”
তিনি আরও বলেন, মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়ন জরুরি। বিশ্ববিদ্যালয়গুলো শুধু সনদ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং স্কিল ডেভেলপমেন্ট, গবেষণা, সৃজনশীলতা এবং গণতান্ত্রিক শিক্ষাচর্চার পরিবেশ নিশ্চিত করতে পারলেই মেধার যথাযথ মূল্যায়ন সম্ভব হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক চাকরির বাজারেও প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করতে পারবে।
‘প্রতিরোধ দিবস’ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
—জা. অর্থনীতি/এলএটি