লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের মতো মাধ্যমিক স্তরেও মিড ডে মিল (দুপুরের খাবার) চালু করার বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। দেশের চলমান উন্নয়ন ও সংস্কার অগ্রযাত্রার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।
শনিবার (৪ জুলাই) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছে মন্ত্রী প্রতিষ্ঠানটির একটি সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, নোয়াখালীর সাথে লক্ষ্মীপুরের রেল যোগাযোগ স্থাপন এবং এই অঞ্চলের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন করা হবে। দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সবার কাছে দোয়া চান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী চন্দ্রগঞ্জ বাজারের আফজল রোডের চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করায় মূল আয়োজনটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়। তবে দীর্ঘ অপেক্ষা সত্ত্বেও শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়।
—জা. অর্থনীতি/এলএটি