লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। ঘটনার তিন দিন পার হয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি। এতে নিখোঁজ শিশুদের পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো-উপজেলার কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত সায়েম (১৪) এবং চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের ছেলে ইকরামুল হাসান মিনহাজ (১৪)। সায়েম রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং মিনহাজ রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার একই শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সায়েম ও মিনহাজ। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও তারা আর ঘরে ফেরেনি। পরবর্তীতে পরিবারের সদস্যরা স্বজন, বন্ধু-বান্ধব, সহপাঠী ও পরিচিতদের বাসাবাড়িসহ সম্ভাব্য সব জায়গায় দিনভর খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস পাননি। কোনো উপায় না পেয়ে গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে দুই পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, "রোববার সকালে হাসিমুখে বাড়ি থেকে বের হয়েছিল ছেলেরা। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাচ্ছি না। আমরা চরম দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছি।" সন্তানদের দ্রুত উদ্ধারে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বসাধারণের আকুল সহযোগিতা কামনা করেছেন তারা। কোথাও তাদের সন্ধান পাওয়া গেলে নিকটস্থ পুলিশ স্টেশন অথবা পরিবারের সাথে যোগাযোগের আকুল আরতি জানান স্বজনেরা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। নিখোঁজ কোমলমতি শিক্ষার্থীদের নিখোঁজের মূল কারণ উদঘাটনসহ উদ্ধার তৎপরতায় পুলিশ সক্রিয় রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি