মাদারীপুর প্রতিনিধি: দীর্ঘদিনের জমি-সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আধুনিক ডাম্পিং স্টেশন প্রকল্পের নির্ধারিত জমির দখল নিয়েছে জেলা প্রশাসন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা এই মেগা প্রকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান বাধা দূর হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শনিবার (৪ জুলাই) সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে জমি পরিমাপ, সীমানা নির্ধারণ এবং লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করার কার্যক্রম পরিচালিত হয়।
জানা গেছে, দেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় মাদারীপুর পৌরসভায় এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রায় সাড়ে পাঁচ একর জমি নির্ধারণ করা হলেও স্থানীয় কিছু ব্যক্তির দখলে থাকায় দীর্ঘদিন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। এই অচলাবস্থা নিরসনে গত ৩ জুন স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজ যৌথ অভিযানের মাধ্যমে জমির সরকারি দখল নিশ্চিত করা হয়।
সংসদ সদস্য জাহান্দার আলী জাহান ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু জানান, নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় মাদারীপুর পৌরসভার বর্জ্য অপসারণে দীর্ঘদিন ধরে জটিলতা তৈরি হচ্ছিল। এই আধুনিক ডাম্পিং স্টেশনটি নির্মিত হলে পরিবেশ দূষণ কমবে এবং পৌরবাসী একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সুবিধা ভোগ করবেন।
—জা. অর্থনীতি/এলএটি