এআই-এর পরিসংখ্যানে কে এগিয়ে, আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে
ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা ও কেপ ভার্দের বহুল আলোচিত ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে উত্তেজনা তুঙ্গে। শেষ ৩২-এর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে কার জয়ের সম্ভাবনা কত—ম্যাচের আগেই তার একটি সম্ভাব্য পূর্বাভাস দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।

বিভিন্ন এআই মডেল ও সাম্প্রতিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানানো হয়েছে, ম্যাচটিতে স্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের শক্তি, অভিজ্ঞতা এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে এসেই নকআউট পর্বে জায়গা করে নেওয়া চমকপ্রদ দল কেপ ভার্দের জয়ের সম্ভাবনা ১০ শতাংশেরও কম ধরা হচ্ছে।

স্কোরলাইনের ক্ষেত্রে এআই-এর পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে সম্ভাব্য ফল হতে পারে ২-০ ব্যবধানে আর্জেন্টিনার জয়। এ ছাড়া ৩-০ কিংবা ২-১ ব্যবধানেও আলবিসেলেস্তেরা জিততে পারে বলে ধারণা করা হচ্ছে। গোলদাতার তালিকায় স্বাভাবিকভাবেই সবার চেয়ে এগিয়ে রাখা হয়েছে অধিনায়ক লিওনেল মেসিকে।

তবে এআই-এর বিশ্লেষণে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দলটির শক্ত রক্ষণভাগ এবং গতিময় পাল্টা আক্রমণ যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। এআই নিজেই মনে করিয়ে দিয়েছে, ফুটবলের ইতিহাসে বহুবার ফেবারিটদের হারিয়ে অঘটন ঘটিয়েছে ছোট দলগুলো। তাই মাঠের ৯০ মিনিটের লড়াইয়েই নিশ্চিত হওয়া যাবে—ফেবারিট আর্জেন্টিনা শেষ ষোলোতে পা রাখবে, নাকি কেপ ভার্দে উপহার দেবে নতুন কোনো রূপকথা।

—জা. অর্থনীতি/এলএটি