বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষিপণ্য বিতরণ
ছবি: জাতীয় অর্থনীতি

বাগেরহাট প্রতিনিধি: কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বাগেরহাটে ১ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মোছা. আতিয়া খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে নারিকেল চারা, প্রয়োজনীয় জৈব সার ও চারা সুরক্ষার জন্য বাঁশের খুঁটি প্রদান করা হয়েছে। কর্মসূচির পরবর্তী পর্যায়ে আরও ৬৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হবে।

বিতরণকালে বক্তারা বলেন, দেশের কৃষি খাতের পুনর্বাসন ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সাধারণ কৃষকদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ ও উৎসাহিত করাই এই বিশেষ কর্মসূচির মূল উদ্দেশ্য। এই চারাগুলো গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

—জা. অর্থনীতি/এলএটি