জাতীয় সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর
ছবি: জাতীয় অর্থনীতি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে ব্যতিক্রমী এক শিক্ষা সফরের আয়োজন করা হয়। এতে মাদারীপুর সদর উপজেলার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টেকেরহাট পপুলার স্কুল অ্যান্ড কলেজ এবং রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সোমবার (২৯ জুন) দুপুরে শিক্ষার্থীরা রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করা হয়, তাদের লেখাপড়া ও ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজখবর নেওয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণে সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়। এই সৌজন্য সাক্ষাৎ শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।

শিক্ষা সফরের অংশ হিসেবে তারা জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন এবং সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখে রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

এ সময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, "অনেক শিক্ষার্থীরই জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার স্বপ্ন থাকে। কিন্তু নানা কারণে সেই স্বপ্ন সবার পূরণ হয় না। শিক্ষার্থীদের সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই তাদের সংসদ ভবন পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। সংসদ ভবন ঘুরে দেখার পাশাপাশি তারা রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কুশল বিনিময়ের সুযোগ পেয়েছে। এতে শিক্ষার্থীরা খুবই আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।"

শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং এই সাক্ষাতের সুযোগ তাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। সংসদ ভবনের কার্যক্রম কাছ থেকে দেখা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তাদের মধ্যে দেশ, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে নতুন আগ্রহ সৃষ্টি করেছে। তাদের মতে, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

—জা. অর্থনীতি/এলএটি