৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
ছবি: জাতীয় অর্থনীতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা ও প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান পরিচালনার অভিযোগে প্রধান শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৩টি নোটিশে অভিযুক্ত শিক্ষকদের এই তথ্য জানানো হয়। এবং তা বুধবার (২৪ জুন) সকালে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

অভিযুক্ত শিক্ষকেরা হলেন— জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ কুমার দাস, সহকারী শিক্ষক মো. আবু বাক্কর সিদ্দিকী এবং সহকারী শিক্ষক মো. নওয়াজ শরীফ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ মে সকাল সাড়ে ৯টায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ দুজন সহকারী শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন এবং অপর সহকারী শিক্ষক নওয়াজ শরীফ বিলম্বে উপস্থিত হন। শিক্ষকরা কর্মস্থলে অনুপস্থিত থেকে বিদ্যালয়ের দপ্তরী এবং বহিরাগত প্রক্সি শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পাঠদান পরিচালনা করছিলেন। এই ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। 

এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দুই দফায় কৈফিয়ত তলব করলেও জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১৪ জুন তার সুপারিশের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এই পদক্ষেপ নেয়। শিক্ষকদের এমন কর্মকাণ্ড ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী অসদাচরণের শামিল বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কেন তাদের চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো দণ্ড প্রদান করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি