বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, পানিবন্দি হাজারো মানুষ
ছবি: জাতীয় অর্থনীতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে করে নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং বন্ধ হয়ে গেছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাঠানো তথ্যে জানা গেছে। 

পদ্মার পাঙ্খা গেজ স্টেশনে পানির উচ্চতা ২১.৭৬ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপৎসীমার (২২.০৫ মিটার) মাত্র ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার পাশাপাশি সীমান্ত নদী মহানন্দা ও পুনর্ভবাতেও পানি সমানে বাড়ছে। বর্তমানে মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির উচ্চতা ১৯.৪৩ মিটার (বিপৎসীমা ২০.৫৫ মিটার) এবং পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে ১৯.৪৬ মিটার (বিপৎসীমা ২১.৫৫ মিটার) রেকর্ড করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপৎসীমা অতিক্রম না করায় আপাতত বড় ধরনের দীর্ঘমেয়াদি বন্যার আশঙ্কা নেই। দ্রুতই পানি কমতে শুরু করতে পারে।

এদিকে পদ্মার পানি বৃদ্ধির ফলে জেলার সদর উপজেলার নারায়নপুরসহ বিভিন্ন চরাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে চরাঞ্চলের যাতায়াত ব্যবস্থা ও কৃষি জমি। পরিস্থিতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হোসাইনের নেতৃত্বে প্রশাসনের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত নারায়নপুর ইউনিয়ন পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হোসাইন জানান, পানি প্রবেশ করায় চরাঞ্চলের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে। পানিবন্দি দুর্গত মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে এবং এই সহায়তা অব্যাহত থাকবে।  

—জা. অর্থনীতি/এলএটি